মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রবিবার (৯ নভেম্বর) বিকেলে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শিবচর উপজেলা একাত্তর চত্বর থেকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর নেতৃত্বে বিশাল এক র্যালি বের হয়।
র্যালিটি একাত্তর চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে বিকেল ৪টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে একাত্তর চত্বরে জড়ো হন। ঢাক-ঢোল বাজিয়ে, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে তারা উচ্ছ্বাসের সঙ্গে অংশ নেন বর্ণাঢ্য এই র্যালিতে।
সমাবেশে বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে ৭ নভেম্বর দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আন্দোলন নতুন দিক পায়। বক্তারা আরও বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সমাবেশে বক্তারা মাদারীপুর-১ আসনে সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
সংক্ষিপ্ত বক্তব্যে সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী বলেন, “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গণতন্ত্র রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ হবো। দলের দুঃসময়ে জনগণের পাশে থেকেছি, আছি এবং থাকবো।”
আলোচনা সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। সভা শেষে গণতন্ত্র রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১