কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, জননিরাপত্তা বিঘ্ন ও জনমনে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে বেশ কয়েকজন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য বলে জানা গেছে।
শনিবার (৮ নভেম্বর) সকালে কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিদেশে পলাতক ও নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতা নিজ এলাকায় অর্থ পাঠিয়ে সরকারবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছে। তাদের অর্থায়নে শুক্রবার বিকেলে কুমিল্লায় একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়, যা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
পুলিশ জানায়, মিছিলের সময় অংশগ্রহণকারীরা মুখে মাস্ক ও রুমাল বেঁধে নিজেদের পরিচয় গোপন করার চেষ্টা করে। এছাড়া, সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট দিয়ে আত্মগোপনে থাকা ব্যক্তিরাও এ মিছিলের পেছনে ভূমিকা রেখেছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—
দাউদকান্দি উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ মিয়া (৪০)
আওয়ামী লীগের সহসভাপতি মুকবিল হোসেন (৫৮)
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কোতোয়ালি উপদেষ্টা পাপন লাল (৫৫)
বুড়িচং উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর নুর তুষার (২৮)
কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শের এ আলম
কুমিল্লা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা শেষে তাদের আদালতে পাঠানো হবে।”
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া