দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জে মানবিকতার অনন্য উদাহরণ স্থাপন করেছে জামতলী যুবকল্যাণ পরিষদ। টানা বৃষ্টিতে যাতায়াত অযোগ্য হয়ে পড়া কাঁচা রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার করে জনসাধারণের চলাচল সহজ করেছেন সংগঠনটির সদস্যরা।
বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের জামতলী থেকে নীলফামারীর বাদলা ঘাট পর্যন্ত কাঁচা রাস্তাটি টানা কয়েকদিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এতে সাধারণ মানুষ, স্কুলগামী শিক্ষার্থী, রোগী, সাইকেল, মোটরসাইকেল, ভ্যান ও সিএনজি চালকদের দুর্ভোগ চরমে পৌঁছায়।
এমন পরিস্থিতিতে মানবিক দায়িত্ববোধ থেকে জামতলী যুবকল্যাণ পরিষদের সদস্যরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাস্তা সংস্কারের উদ্যোগ নেন। কয়েকদিনের ধারাবাহিক পরিশ্রমে তারা রাস্তা মেরামত করে চলাচলের সুবিধা নিশ্চিত করেন। এতে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে আসে এবং তারা সংগঠনের প্রশংসায় পঞ্চমুখ হন।
এলাকাবাসীর দাবি, দ্রুত রাস্তা পাকা করার উদ্যোগ নেয়া প্রয়োজন। এ বিষয়ে জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
স্থানীয়রা জানান, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই প্রতিনিয়ত সমাজসেবামূলক ও মানবিক কাজ করে যাচ্ছে। সরকার ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা পেলে আরও ব্যাপকভাবে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হবে।
সংস্কার কাজে উপস্থিত ছিলেন উপদেষ্টা শেখ মো. আবু হানিফ, সাংবাদিক মো. ইউসুফ আলী, জহিরুল ইসলাম, সোহাগ মন্ডল, সভাপতি মসলিম হাসান (লিমন), কায়েজ রাজ, মোস্তাক আহম্মেদ, গোলাম রব্বানী, আ. সবুর, হানিফ পালোয়ান, মো. সুমন, সামিউল ইসলাম, রাকিবসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া