চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া উপজেলার চরনদ্বীপ এলাকায় সরকারি খাস জমিতে দীর্ঘদিন ধরে চিংড়ি চাষ করে আসা একটি পরিবারের জমি জবরদখলের চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (২ নভেম্বর ২০২৫) সকালে চরনদ্বীপ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বেড়িবাঁধ সংলগ্ন চারুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার মোঃ জয়নাল আবদীন (৫০), পিতা মৃত মোহাম্মদ হোছাইন, বুড়ী পুকুর, চরনদ্বীপ—১৯৮৫ সাল থেকে প্রায় তিন একর খাস জমিতে চিংড়ি চাষ করছেন। ২০০১ সালে তিনি জমির ইজারার জন্য সরকারের কাছে আবেদন করেন। পরে চিরিঙ্গা ইউনিয়ন ভূমি অফিস থেকে ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত সুপারিশ করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকেও নথির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
এ অবস্থায় একই ওয়ার্ডের মোক্তার (৩৫), পিতা মৃত মোজাহের আহমদ (প্রকাশ বাইঘ্যা) ও তার সহযোগীরা হঠাৎ ওই জমি দখলের চেষ্টা চালায়। বাধা দিতে গেলে জয়নাল আবদীনের বাবা, মা, ভাই ও স্ত্রীকে লক্ষ্য করে অশালীন আচরণ ও হুমকি দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার বিষয়ে অভিযুক্ত মোক্তার বলেন, “এটি সরকারি জমি। আমি ভোগ করলে সমস্যা কোথায়?”
অপরদিকে জয়নাল আবদীন বলেন, “১৯৮৫ সাল থেকে আমরা নিয়মিত ভোগদখলে আছি। সরকারের কাছে লিজের আবেদনও করেছি। আমরা জমি ছাড়ব না, প্রয়োজনে আইনের আশ্রয় নেব।”
স্থানীয় বাসিন্দারা বলেন, ঘটনাটি তদন্ত করে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন, না হলে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া