বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলায় স্কুল শিক্ষক অপহরণ ও নির্যাতন মামলার ৩ নং আসামি পঁচাকোড়ালীয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কালাম তালুকদারের পুত্র সন্ত্রাসী তোতা মিয়াকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ। শনিবার রাতে পটুয়াখালী জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, তোতা মিয়ার বিরুদ্ধে আমতলী ও তালতলী থানায় আরও ৫টি মামলা চলমান রয়েছে।
জানা যায়, চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলামকে সম্প্রতি অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না পেয়ে অপহরণকারীরা তার এটিএম কার্ড থেকে ৮১ হাজার টাকা উত্তোলন, ল্যাপটপ ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়। পরে রাতভর নির্যাতন চালিয়ে বিদ্যালয়ের কাছে ফেলে যায়।
ঘটনার পর ভুক্তভোগী শিক্ষক মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে মামলার ৩ নং আসামি তোতা মিয়াকে গ্রেফতার করে।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, “শিক্ষক অপহরণ ও চাঁদাবাজি মামলার ৩ নং আসামিকে গ্রেফতার করেছি। অন্য পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান চলছে।”
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১