নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা পর্যন্ত নতুন ৯০ কিলোমিটার রেল কর্ডলাইন নির্মাণে দেশের দক্ষিণ–পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসতে যাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে ঢাকার সঙ্গে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর ও চট্টগ্রাম অঞ্চলের যাতায়াত হবে আরও দ্রুত ও সহজ। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হবে।

বর্তমানে ঢাকা–চট্টগ্রাম রেলপথ তুলনামূলক দীর্ঘ ও ব্যস্ত। নতুন কর্ডলাইন চালু হলে পথ কমবে প্রায় ৯০ কিলোমিটার। ফলে সময় বাঁচবে এবং ট্রেন চলাচলের সক্ষমতাও বাড়বে। এতে পণ্য পরিবহন এবং যাত্রীসেবা উভয় খাতেই গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নারায়ণগঞ্জ–কুমিল্লা কর্ডলাইন দেশের রেল যোগাযোগ উন্নয়নে পদ্মা সেতুর মতোই একটি ‘গেম চেঞ্জার’ হতে যাচ্ছে। এই রুট চালু হলে রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণ-পূর্বাঞ্চলের সংযোগ আরও শক্তিশালী হবে, যা অর্থনীতিকে ত্বরান্বিত করবে এবং দেশের বাণিজ্যিক প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।
উন্নত রেল অবকাঠামো ও দ্রুত যাতায়াত ব্যবস্থা দেশের সামগ্রিক অর্থনীতিকে আরও শক্তিশালী করবে—এমনটাই প্রত্যাশা করছে কর্তৃপক্ষ।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া