কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা সীমান্তে শিশুসহ ১৯ জন বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সীমান্ত পিলার নং ২১০৪ সংলগ্ন এলাকায় দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।
হস্তান্তর হওয়া বাংলাদেশিদের মধ্যে রয়েছেন ৯ নারী, ৯ পুরুষ ও এক শিশু।
বিজিবির চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা ১০ বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. মোস্তফা বলেন, “পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ আমাদের কাছে ১৯ জন বাংলাদেশিকে হস্তান্তর করেছে। তাদের নাম-ঠিকানা যাচাই চলছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের চৌদ্দগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।”
জানা যায়, ভারতের ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ভবানীপুর নিউনিদিয়া বিএসএফ ক্যাম্পের কমান্ডার দীপংকর সাহার নেতৃত্বে বিএসএফ-এর প্রতিনিধি দল এবং বিজিবির পক্ষ থেকে নায়েক সুবেদার মো. মোস্তফার নেতৃত্বে আরেকটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।
বিজিবির কাছে হস্তান্তর করা ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক। বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের পর তারা দেশটির পুলিশের হাতে গ্রেপ্তার হন এবং বিভিন্ন কারাগারে সাজা ভোগ শেষে দেশে ফিরেছেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া