কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে প্রায় ৬৮ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও শাল জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০-বিজিবি)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।
কুমিল্লা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় আন্তসীমান্ত চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির টহল জোরদার রয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাত ১২টা ৪০ মিনিটে বিবিরবাজার বিওপির আওতাধীন কটকবাজার পোস্টের একটি বিশেষ টহল দল এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে পালপাড়া এলাকায় একটি মিনি পিকআপ পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরে গাড়িটি তল্লাশি করে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা বিভিন্ন ব্র্যান্ডের শাড়ি ও শাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬৮ লাখ ৩৮ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, যে পথ দিয়ে এসব পণ্য আনা হয়েছে তা মাদক, সোনা, গবাদিপশু এবং অন্যান্য চোরাচালানের জন্য ব্যবহৃত একটি সক্রিয় পয়েন্ট হিসেবে পরিচিত। ওই এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা।
জব্দকৃত পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১