রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী কলেজের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হিসাববিজ্ঞান ও ফিন্যান্স অ্যালামনাই রিইউনিয়ন-২০২৫’। আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর রাজশাহী কলেজ প্রাঙ্গণে দুই দিনব্যাপী এই বর্ণাঢ্য পুনর্মিলনী উৎসব আয়োজন করা হয়েছে।
এই উৎসবকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে অনলাইন নিবন্ধন কার্যক্রম, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। প্রাক্তন শিক্ষার্থীরা ঘরে বসেই নির্ধারিত ওয়েবসাইট www.afaa.rc.edu.bd -এর মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।
সম্প্রতি রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান ও ফিন্যান্স বিভাগ যৌথভাবে ‘রাজশাহী কলেজ হিসাববিজ্ঞান ও ফিন্যান্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ (RCAFAA) গঠন করেছে। সংগঠনের মূল স্লোগান— “বন্ধনে প্রথম, স্মৃতিতে অনন্ত”। এই অ্যাসোসিয়েশনের প্রথম উদ্যোগ হিসেবেই আয়োজন করা হচ্ছে ‘অ্যালামনাই রিইউনিয়ন-২০২৫’।
অনুষ্ঠান বাস্তবায়নে দুই বিভাগের প্রধান মো. আবুল হাসনাতকে সভাপতি, আবু মো. ফসিউরকে সহ-সভাপতি এবং মো. এন্তাজ আলীকে সদস্য সচিব করে ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
পুনর্মিলনী উদযাপন কমিটির সদস্য সচিব মো. এন্তাজ আলী বলেন,
> “বিশ্ববিদ্যালয় জীবনের শিক্ষক, সহপাঠী, অনুজ ও প্রবীণরা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এই বন্ধনকে আরও দৃঢ় ও প্রাণবন্ত করতে গঠিত হয়েছে এই অ্যাসোসিয়েশন, যা প্রজন্মের পর প্রজন্মের মধ্যে সহযোগিতা, অনুপ্রেরণা ও বন্ধুত্বের নতুন অধ্যায় রচনা করবে।”
অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও প্রাক্তন শিক্ষার্থী মো. আবু হানিফ সরকার বলেন,
> “হিসাববিজ্ঞান ও ফিন্যান্স আমরা একই পরিবার। এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধন ও সহযোগিতার নতুন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।”
রেজিস্ট্রেশন লিংক: www.afaa.rc.edu.bd
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া