ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় ট্রাকচাপায় মো. আলম (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মো. কবির হোসেন (৫৮)।
বুধবার দুপুর দেড়টার দিকে বরিশাল-খুলনা মহাসড়কের ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আলম ও আহত কবির রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ পেছন দিক থেকে একটি ট্রাক এসে তাদের চাপা দিলে দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. আলমকে মৃত ঘোষণা করেন।
আহত কবির হোসেনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত আলম ঝালকাঠি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণকাঠি এলাকার মৃত ফজলে আলীর ছেলে। আহত কবির হোসেন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাঠপট্টি এলাকার মৃত মোসলেম আলীর ছেলে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া