কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের পেকুয়ায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আমান উল্লাহ (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের সবজীবনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমান উল্লাহ ওই এলাকার ছাবের আহমদের ছেলে এবং তিন সন্তানের জনক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির উঠানে অতিরিক্ত ছায়া পড়ায় গাছের ডাল কাটতে গাছে উঠেছিলেন আমান উল্লাহ। কাটা একটি ডাল পাশের বিদ্যুতের তারের ওপর পড়ে গেলে সেটি সরাতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে জেঠাতো ভাই বোরহান উদ্দিন খোকনও (মৌলানা আবুল কাসেমের ছেলে) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। স্থানীয়রা দ্রুত দুজনকে উদ্ধার করে পেকুয়া নূর হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমান উল্লাহকে মৃত ঘোষণা করেন।
আহত বোরহান উদ্দিন খোকনকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে শঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. জিয়া উদ্দিন।
স্থানীয় ইউপি সদস্য মো. আশিক বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।”
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া