চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও গুলির ঘটনায় মো. সাজ্জাদ (২৫) নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে বাকলিয়া অ্যাক্সেস রোড এলাকায়।
নিহত সাজ্জাদ কুমিল্লার মুরাদনগর উপজেলার হিরাকান্দা গ্রামের মো. আলমের ছেলে। তিনি নগরীর তক্তারপুল এলাকার বিসমিল্লাহ টাওয়ারে ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন।
আহতদের সবাইকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এক বিএনপি নেতার ব্যানার সরানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে।
সংঘর্ষে এক পক্ষ ছিলেন যুবদল নেতা এমদাদুল হক বাদশার অনুসারীরা, অপর পক্ষের নেতৃত্বে ছিলেন হুমায়ুন-বোরহান গ্রুপ। স্থানীয়দের দাবি, ইট-বালু ব্যবসা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়েও দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
নগরীর পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, নিহত সাজ্জাদ যুবদল নেতা এমদাদুল হক বাদশার সক্রিয় কর্মী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক বলেন, “ঘটনার তদন্ত চলছে। কে বা কারা গুলিবর্ষণ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।”
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া