কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রাজস্ব সম্মেলন ও জেলা নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক আমিরুল কায়সারের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ বি এম মশিউজ্জামানের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় রাজস্ব আদায়, ইজারা প্রদান, নামজারি মোকদ্দমা, খাসজমি বন্দোবস্ত ও উদ্ধারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলা প্রশাসক আমিরুল কায়সার রাজস্ব আদায়ে আরও গতি আনার ওপর জোর দেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা প্রদান করেন।
নদী রক্ষা কমিটির সভায় গোমতী নদী রক্ষায় হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন, অবৈধ স্থাপনা উচ্ছেদ, ও অবৈধ বালু উত্তোলন বন্ধে পদক্ষেপের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসক জানান, ইতোমধ্যে গোমতীর আইলে অবৈধ দখলদারদের তালিকা তৈরি হয়েছে এবং হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী উচ্ছেদ অভিযান চলছে। তিনি পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে পুনরায় উচ্ছেদ কার্যক্রম চালানোর নির্দেশ দেন।
সভায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদ শাহরিয়ার, পুলিশ সুপারের প্রতিনিধি পরিদর্শক সাদেকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া