পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার খরনা ইউনিয়নের মুজাফফর বাদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মো. মিনহাজ (২২) ও মো. ফাহিম (১৬)। তারা পিকআপ ভ্যানের হেলপার ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মুজাফফর বাদ গ্রামের মৃত রমিজ আহমদের বাড়িতে বালুভর্তি একটি মিনি পিকআপ ভ্যান দাঁড়িয়ে ছিল। হঠাৎ পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক তার ছিঁড়ে ভ্যানের উপর পড়ে গেলে সঙ্গে সঙ্গে দুইজন হেলপার বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় মিনহাজ ঘটনাস্থলেই মারা যান এবং ফাহিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিদ্যুৎ লাইন সচল থাকায় স্থানীয়রা প্রথমে উদ্ধার করতে পারেননি। পরে পল্লী বিদ্যুৎ অফিসে খবর দিলে সংযোগ বন্ধ করে তাদের উদ্ধার করা হয়।
নিহত মিনহাজ উপজেলার কচুয়াই ইউনিয়নের (৬)নং ওয়ার্ডের ওস্তাদ পাড়ার বাচাঁ মিয়ার পুত্র এবং নিহত ফাহিম একই উপজেলার খরনা ইউনিয়নের ভাড়া বাসায় থাকা রং মিস্ত্রি মিন্টুর ছেলে।
কচুয়াই ইউনিয়ন (৬)নং ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলাম জানান, “পল্লী বিদ্যুৎ তার ছিঁড়ে পিকআপের উপর পড়লে দুইজন হেলপার নিহত হন এবং ইকবাল নামে এক যুবক আহত হন।”
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া