কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনা উপজেলার খাদঘর এলাকায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী। নতুন মোটরসাইকেল কেনার একদিন পরই প্রাণ হারালেন এই দুই বন্ধু। দুর্ঘটনাটি ঘটে বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার খাদঘর এলাকায়।
নিহতরা হলেন— চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের মুরাদপুর গ্রামের কাদের প্রধানের ছেলে ও ইউনিয়ন গণতান্ত্রিক ছাত্রদল সহ-সভাপতি নাজমুল হোসেন (১৯) এবং একই গ্রামের সোলেমান আহমেদের ছেলে রিজওয়ান আহমেদ শামীম (১৮)। তারা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় বন্ধুরা মিলে নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় নাজমুল ও শামীম। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাদঘর এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা দুজনই সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত শামীমের বাবা সোলেমান আহমেদ জানান, “মাত্র একদিন আগেই ছেলে নতুন মোটরসাইকেলটি কিনেছিল। আনন্দে বের হয়েছিল বন্ধুর সঙ্গে। কে জানত সেটিই হবে তাদের শেষ ভ্রমণ!”
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, “বুধবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। এতে দুইজন ঘটনাস্থলেই নিহত হন। অজ্ঞাত গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে।”
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া