শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
বাড়ি ভাতা ২০ শতাংশ, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা নির্ধারণসহ ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে মাদারীপুরের শিবচরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মুখে কালো কাপড় বেঁধে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. নুরুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ দীনেশচন্দ্র সরকার এবং সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক একলাসউদ্দিন চুন্নু।
বিক্ষোভে বক্তব্য রাখেন পাচ্চর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী ইলিয়াস হোসেন, ড. নুরুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক মুহা. আব্দুল্লাহ আল মামুন, শিরুয়াইল আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক রুপালি বেগম এবং আল-বাইতুল মামুর ফাজিল মাদ্রাসা এন্ড বি.এম. কলেজের মাওলানা মাহফুজুর রহমান।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষকরা ন্যায্য দাবির বঞ্চনার শিকার হয়ে আসছেন। একজন শিক্ষক আজ গার্মেন্টস শ্রমিকের চেয়েও কম বেতন পান—এটি শিক্ষাঙ্গনের জন্য চরম বেদনার বিষয়। তারা সরকারের প্রতি আহ্বান জানান, অবিলম্বে শিক্ষকদের যৌক্তিক দাবি বাস্তবায়ন করতে হবে, নইলে দেশব্যাপী আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
সভাপতি দীনেশচন্দ্র সরকার বলেন, “পেটে ক্ষুধা, বুকে জ্বালা, অন্তরে ব্যথা নিয়েই আজ শিক্ষক সমাজ রাজপথে নেমেছে। শিক্ষককে অভুক্ত রেখে কোনো জাতি গঠন করা সম্ভব নয়। আমাদের দাবি না মানা হলে আন্দোলন আরও বেগবান হবে।”
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১