পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে দিলদার আহমদ দিলদার (৫২) নামে এক দোকানদারকে গ্রেফতার করেছে পুলিশ।
পটিয়া থানার সূত্রে জানা যায়, সোমবার (১৩ অক্টোবর) শিশু নির্যাতনের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের লাখেরা গ্রামের জামাল উদ্দিনের সাত বছর বয়সী মেয়ে ১১ অক্টোবর (শনিবার) বিকেলে তার বান্ধবীর সঙ্গে পাশের দোকানে খেলতে যায়।
সেই সময় দোকানদার দিলদার আহমদ শিশুটিকে লজেন্স দেয়ার প্রলোভন দেখিয়ে দোকানের ভেতরে নিয়ে যায় এবং জামা ও হাফপ্যান্টের ওপর শিশুর স্পর্শকাতর স্থানে হাত দেয়ার মাধ্যমে যৌন কামনা চরিতার্থ করার চেষ্টা করে। শিশুটি দ্রুত সেখান থেকে পালিয়ে এসে বিষয়টি তার পিতা-মাতাকে জানায়।
এরপর শিশুর পিতা জামাল উদ্দিন বাদী হয়ে দিলদার আহমদকে আসামি করে পটিয়া থানায় মামলা দায়ের করলে, পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, “অভিযোগের ভিত্তিতে আমরা অভিযুক্তকে গ্রেফতার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে প্রেরণ করা হবে।”
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১