পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের সুচক্রদন্ডী গ্রামে গৃহকর্তার অনুপস্থিতিতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ঘরের পেছনের জানালার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে স্বর্ণ ও নগদ টাকা সহ মূল্যবান মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা।
ভুক্তভোগী লিটন দাস সাতকানিয়া উপজেলার ডেমশা ইউনিয়নের ৯নং ওয়ার্ড ছোট ডেমশার চিত্র রঞ্জন দাশের ছেলে। তিনি গত পাঁচ বছর ধরে পরিবার নিয়ে পটিয়া পৌরসভার সুচক্রদন্ডী এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছেন।
লিটন দাসের স্ত্রী অঞ্জলি দাশ জানান, “শুক্রবার সন্ধ্যায় আমরা ডাক্তার দেখাতে বাসায় তালা মেরে বের হয়েছিলাম। রাত ৮টার দিকে ফিরে দেখি ঘরের দরজা খোলা, কাপড়চোপড় এলোমেলো, আলমারি ভাঙা। তাতে থাকা প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১ লাখ টাকা চুরি হয়ে গেছে।”
তিনি আরও বলেন, “চোরেরা মোট প্রায় ১২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।”
পটিয়া থানার এসআই নয়ন চাকমা বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তারা পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া